প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-৩, আহত দুই

নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় দুইজন মারা গেছে, আর একজন মারা গেছেন কবিরহাট উপজেলায়।
বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে এই দুটি দূর্ঘটনা ঘটে। কবিরহাট উপজেলার দূর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের হেরেংহি রোডের মাথায় মন্নান নগর-চর জব্বর সড়কে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের এক হেলপার। আহত ব্যক্তিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সুবর্ণচরের চর জুবলীর মো. নেসার উদ্দিন (৪৫), চর জব্বরের মো. সাকিব (২০)।
অপরদিকে বিকেল তিনটার দিকে কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকায় একটি পিক আপ ভ্যানের চাপায় জোবায়ের হোসেন (৭) সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ আল মাহমুদ এর ছেলে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায় এবং কবিরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কবিরহাটে পিকআপ ভ্যানে চাপা দেওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে। আটক চালক সুবর্ণচর উপজেলার চর ওয়াপদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে মোঃ আইব (২৭)। নিহত শিশুর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, একটি ট্রাক চর জব্বারের দিক থেকে মন্নান নগরের দিকে আসছিল। আরেকটি ট্রাক চর জব্বারের দিকে যাচ্ছিল ট্রাক দুইটির হেরেংগি রোডের মাথায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায় এবং একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক দুইটি জব্দ করেছে।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: জহিরুল হক জহির। পুরাতন হাসপাতাল রোড়, সদর, নোয়াখালী। যোগাযোগ: +880-9697419456, 0183-5550333, ই-মেইল: noakhalimedia1@gmail.com, www.noakhalimedia.com